নাসির হোসেনের অপরাজিত সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লীগের পঞ্চম রাউন্ডে সিলেট বিভাগের বিপক্ষে লড়ছে রংপুর বিভাগ। প্রথম ইনিংসে সিলেটের ২৭২ রানের জবাবে নাসিরের অপরাজিত ১০৫ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১৭৫ রান তুলেছে রংপুর। ৫ উইকেট হাতে নিয়ে এখনো ৯৭ রানে পিছিয়ে রয়েছে রংপুর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৬ উইকেটে ২০৩ রান তুলেছিলো সিলেট। আজ, দ্বিতীয় দিন বাকী ৪ উইকেটে আরও ৬৯ রান যোগ করতে সমর্থ হয় সিলেট। ফলে ২৭২ রানেই অলআউট হয় তারা। দলের পক্ষে জাকের আলী সর্বোচ্চ ৮৮ রান করেন। রংপুরের পক্ষে সোহরাওয়ার্দি শুভ ৩ উইকেট নেন।
এরপর নিজেদের ইনিংসে ব্যাট হাতে নেমে মহাবিপদেই পড়ে রংপুর। ১৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে তারা। এরপ ক্রিজে নেমে দ্রুত উইকেটের সাথে সেট হয়ে, রংপুরের রানের চাকা ঘুড়াতে থাকেন নাসির। ফলে দিন শেষে দলকে ভালো অবস্থায় নিয়ে, নিজেও সেঞ্চুরির স্বাদ পেয়ে যান নাসির। দিন শেষে ১০৫ রানে অপরাজিত তিনি। তার ১৬০ বলের ইনিংসে ১৪টি চার ও ১টি ছক্কার মার ছিলো। নাসিরের মত রংপুরের পক্ষে বড় ইনিংস খেলতে পারেননি অন্য কোন ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে উইকেটরক্ষক ধীমান ঘোষের ব্যাট থেকে।
ইত্তেফাক/এমএইচ
