লালমোহনে যৌতুকলোভী বখাটে স্বামীর অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে তহমিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। গত বুধবার রাতে উপজেলার মঙ্গলসিকদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর তহমিনার স্বামী মহসিন মৃধা তার তিন সন্তান নিয়ে ঘরে তালা মেরে গা ঢাকা দিয়েছে। তহমিনা, স্থানীয় বেল্লাল আহমদের মেয়ে। গত প্রায় ১৫ বছর আগে মহসিন মৃধা তৃতীয় স্ত্রী হিসেবে তহমিনাকে বিয়ে করেছিল বলে জানিয়েছে এলাকাবাসী। নিহতের বোন রাবেয়া বেগম জানান, যৌতুকের দাবিতে তার বোনকে বিয়ের পর থেকেই নির্যাতন করে আসছিল মহসিন মৃধা। গত কয়েকদিন আগে মহসিন মৃধা নতুন ঘর নির্মাণ শুরু করে এবং এ জন্য তহমিনাকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলে। এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া শুরু হলে স্বামী মহসিন মৃধা তহমিনাকে বেদম মারপিট করে। সর্বশেষ বুধবার দুপুরে ও বিকালেও কয়েক দফায় মারধর করা হয়। তহমিনার পিতা গরিব হওয়ায় বখাটে প্রকৃতি স্বভাবের মহসিন মৃধার বিচার করেনি কেউ। এই ক্ষোভে এবং নির্যাতন সহ্য করতে না পেরেই তহমিনা কীটনাশক পান করতে বাধ্য হয় বলে অভিযোগ করেন রাবেয়া। স্থানীয় ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু বলেন, কীটনাশক পান করার পর রাত ১১টায় ঐ মহিলাকে লালমোহন হাসপাতালে নিয়ে ভর্তি করে মহসিন মৃধার লোকজন।
