উপকথা

সোনার লোভ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৯:২৩

 

ফিলিপাইনের এক সুন্দর গ্রাম। সেই গ্রামে থাকত দুই বন্ধু—ম্যাক ও জ্যাক। একদিন তারা শিকারে যায়।

তাদের জন্য দিনটা শুভ ছিল না। দুই বন্ধু বাড়ি ফেরার সময় গাছের নিচে একবাক্স সোনা দেখতে পায়। মুহূর্তেই তারা বন্ধুত্বের কথা ভুলে সোনা দাবি করে।

ম্যাক জোর গলায় জ্যাককে বলে, ‘এটা আমার। আমিই প্রথম সোনার বাক্স দেখেছি।’

উত্তরে জ্যাক জানায়, ‘এটা অবশ্যই আমার। তোমার আগে আমি সোনার বাক্স স্পর্শ করেছি।’

সোনা নিয়ে দুই বন্ধুর মধ্যে তুমুল ঝগড়া বাধে। ঘটনাস্থলেই একজন আরেকজনের ওপর ছোরা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ম্যাক বন্ধুত্ব বাঁচাতে এক বুদ্ধি ঠিক করে।

ম্যাক জ্যাককে অনুরোধ করে, ‘সোনা নিয়ে কেন মিছামিছি সময় নষ্ট করছি। তুমি শহরে গিয়ে একটা থলে আর কিছু খাবার আন।’

অনেক কথার পর জ্যাক শহরে যেতে রাজি হয়।

জ্যাক শহর থেকে আসা অবধি ম্যাক অপেক্ষা করে। আর বন্ধুকে ছুরিকাঘাতে মারার বুদ্ধি আঁটতে থাকে।

এদিকে জ্যাকও ম্যাককে মারার এক কৌশল করে। খাবারে বিষ মেশায়। খেলেই ম্যাকের নিশ্চিত মৃত্যু।

ম্যাক গাছের আড়ালে ছোরা নিয়ে লুকিয়ে থাকে। জ্যাক থলেসমতে খাবার নিয়ে ম্যাককে খোঁজে। আচমকা ম্যাক জ্যাকের পেটে ছুরি চালায়। জ্যাক প্রচণ্ড ব্যথায় মারা যায়।

সোনার বাক্সটাকে থলেতে পুরতেই ম্যাকের ভীষণ খিদে পায়।

আহা বেচারা ম্যাক, খাবারের বিষের কথা যদি জানত!

খাবার শেষ হতেই ম্যাকের মৃত্যু হয়।

দুই বন্ধুর সোনার লোভই এমন করুণ পরিণতি ডেকে আনে।                                                                   

ফিলিপাইনের লোককাহিনি