সচিবালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত, ঘটনা তদন্তে দুই কমিটি

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:৩৫

সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে আশরাফুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত আশরাফুল নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ গ্রামের  জয়নাল মিয়ার ছেলে। এদিকে সংঘটিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি কমিটি গঠন করা হয়েছে।

সচিবালয়ে ডিউটিরত উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের ১১ নম্বর ভবনে কাজ চলছিল। বিশতলা ভবনের ৮ তলায় বাইরের দিকে কাজ করছিল আশরাফুল, সেখান থেকেই নিচে পড়ে যায় সে। ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য আশরাফুল ইসলামের মরদেহ মর্গে রাখা হয়েছে।

সংঘটিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি কমিটি গঠন করা হয়েছে। গৃহায়ণ  ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড.  আফজাল হোসেনকে আহ্বায়ক এবং উপসচিব মাহমুদুর রহমান হাবীবকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। অপর দুই সদস্য হলেন- স্থাপত্য অধিদফতরের একজন উপ-প্রধান স্থপতি ও গণপূর্ত ডিজাইন সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গৃহায়ণ  ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমের নির্দেশনায় তাত্ক্ষণিকভাবে মন্ত্রণালয় এই তদন্ত কমিটি গঠন করে।

অপরদিকে, গণপূর্ত অধিদফতর অডিট ও মনিটরিং সার্কেল, ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাঈদ মাহবুব মোরশেদকে আহ্বায়ক ও গণপূর্ত ডিজাইন বিভাগ-২, ঢাকার নির্বাহী প্রকৌশলী  ইমদাদুল হককে সদস্য সচিব করে তিন সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকেও তিন কর্মদিবসের মধ্যে মতামত প্রদান করতে বলা হয়েছে।