অস্ত্রোপচার টেবিলে ব্রাভো

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৬
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ থেকে নাম প্রত্যাহার করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
 
বাম পায়ে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ব্রাভো টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন বলে শুক্রবার ক্লাব মেলবোর্ন রেনেগেডসের পক্ষ থেকে জানানো হয়েছে।
 
বৃহস্পতিবার পার্থ স্কোচার্চের বিপক্ষে পরাজিত হওয়া ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ের ব্রাভো এবং তাকে অস্ত্রোপচার করতে হবে। এজন্য তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে।
 
পার্থ স্কোচার্চের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ব্রাভোকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নেয়া হয়। সিটি স্ক্যান করার পর চিকিৎসকরা জানান, ‘হ্যামস্ট্রিং-এ মারাত্মক চোট আছে ব্রাভোর। অস্ত্রোপচার করতে হবে।’
 
এমন খবরে নিজের ইনজুরি নিয়ে ব্রাভো বলেন, ‘খুব শিগগিরই অস্ত্রোপচার করাবো এবং পুনর্বাসন প্রক্রিয়ার জন্য দ্রুতই মাঠে ফেরার চেষ্টা করবো। ফিট হয়ে আবারো মাঠে নিজের সেরাটাই দেবো।’
 
ইনজুরিতে পড়া ম্যাচে ব্যাট হাতে ১৮ বলে ২৩ রান ও বল হাতে ১ ওভারে ১৪ রান দিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের ব্রাভো। তবে তার ছিটকে পড়াটা দলের জন্য বড় ক্ষতি বলে মনে করেন রেনেগেডসের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
 
এই ইনজুরিতে পাকিস্তান সুপার লিগে ব্রাভোর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টে লাহোর কালান্দর্সের হয়ে খেলার কথা আছে ব্রাভোর। বাসস
 
ইত্তেফাক/এমএইচ