শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিলো আগের ম্যাচেই। এবার জয় দিয়ে উৎসবটা আরো রঙিন করলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ২২ ম্যাচে ১৫ জয় ও ৭ ড্র নিয়ে অপরাজিত থেকেই তিন মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার করল জর্জ কোটানের শিষ্যরা।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। প্রথম লেগেও রহমতগঞ্জকে হারিয়েছিল আবাহনী। সেবার ২-০ গোলে জিতেছিল আকাশী-হলুদরা।
তবে, নাবীব নেওয়াজ জীবন আর জোনাথনের গোলে রহমতগঞ্জকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে জয় পায় আবাহনী। দুটি গোল করেন জীবন। রহমতগঞ্জের হয়ে একমাত্র গোলটি করেন সিও জুনাপিও।
ম্যাচের ২২তম মিনিটে সিও জুনাপিওর হেডে এগিয়ে যায় রহমতগঞ্জ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পঞ্চম শিরোপা জেতা আবাহনীকে প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়।
বিরতির পর ম্যাচের ৪৯তম মিনিটে আবাহনীকে সমতায় ফেরান জীবন। ৬০ মিনিটের মাথায় নিজের ও দলের দ্বিতীয় গোলটিও করেন জীবন। আর যোগ করা সময়ে জোনাথন গোল করলে অপরাজিত থেকে শিরোপা জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে আকাশী-নীল জার্সিধারিরা।
সর্বোচ্চ ৫২ পয়েণ্ট নিয়ে এবারের প্রিমিয়ার লিগ শেষ করলো আবাহনী। ২২ ম্যাচে ১৫ জয় ও ৭ ড্র। হার নেই কোনো ম্যাচে।
ইত্তেফাক/এমএইচ
