‘দেশকে এগিয়ে নিতে মহাপরিকল্পনা অনুযায়ী কাজ চলছে’

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৫
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাপরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। দেশের শিল্প, অর্থনীতি ও পর্যটন সম্ভাবনা নিয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।’
 
শুক্রবার রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চেম্বার অব কমার্সের আয়োজনে তিনদিনব্যাপী ‘বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্মেলন ও মৈত্রী উৎসব’ এর দ্বিতীয় দিনে পর্যটন সম্ভাবনা বিষয়ক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। এতে ইকোনমিক জোনের চেয়ারম্যান পবন চৌধুরী মূল বক্তব্য উপস্থাপন করেন।
 
মন্ত্রী বলেন, ‘মৌলভীবাজারের শিল্প সম্ভাবনা ও পর্যটন উন্নয়ন নিয়ে সরকার উদ্যোগ গ্রহণ করে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে শ্রীহট্ট ইকোনমিক জোনের কাজ শুরু হয়েছে। বিশ্ববাজারে চা-শিল্পের প্রসারে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’
 
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ও ভারত অনেক ক্ষেত্রে একযোগে অর্থনৈতিক অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছে।
 
চেম্বার সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে দুই দেশের পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন ভারতের ত্রিপুরা রাজ্যের শিল্প, বাণিজ্য, আইন ও শিক্ষা মন্ত্রী শ্রী তপন চক্রবর্তী।
 
তিনি বলেন, বাংলাদেশের মৌলভীবাজার তথা সিলেট অঞ্চল এবং ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা নিয়ে দুই দেশ এক সঙ্গে কাজ করে অনেক দূর এগিয়ে যেতে পারে।
 
এতে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, সৈয়দা সায়রা মহসীন এমপি, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুক বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এএসএমইউ