জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগ গ্রহণে গুরুত্বারোপ পরিবেশ ও বন মন্ত্রীর

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৭
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, 'জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে।'
 
শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে "সুন্দরবন'স বায়োডাইভারসিটি: জুলজিক্যাল পার্সপেক্টটিভস" শীর্ষক ২০তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও র‌্যাংগস গ্রুপের সহ-সভাপতি আমান উল্লাহ চৌধুরী বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন।
 
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী অধ্যাপক সেলিমা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রাণীবিজ্ঞানী ড. আলী রেজা খান ও বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ড. তপন কুমার দে বক্তৃতা করেন।
 
বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের যৌথ উদ্যোগে সম্মেলনে প্রাণীবিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। -বাসস।
 
ইত্তেফাক/এসএস