জঙ্গি দমন ২০১৬ সালের শ্রেষ্ঠ অর্জন: নাসিম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৯
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপে জঙ্গি দমন ছিল এ বছরের শ্রেষ্ঠ অর্জন। এ বছরই দেশের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও দমন করা হয়েছে।'
 
শনিবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে সভায় গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট বিমল কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন।
 
দেশে প্রথমবারের মতো সুষ্ঠুভাবে জেলা পরিষদ নির্বাচন হয়েছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, 'যারা জেলা পরিষদ নির্বাচন অসাংবিধানিক বলেন, তাদের দলের নেতাকর্মীরাই ঠাকুরগাঁসহ দেশের বিভিন্নস্থানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছেন। তারা ভোট দিয়ে প্রমাণ করেছেন, তাদের দল বিএনপি'র নেতাদের বক্তব্য মিথ্যা।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস