নির্বাচন কমিশন গঠন নিয়ে বর্তমান সরকার সঠিক আইন প্রণয়ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে সদর থানা বিএনপির সম্মেলনে জেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠন নিয়ে আমরা আইনের কথা বলিনি। কারণ এখন যারা আইন তৈরি করবে তারা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি নয়। সুতরাং তাদের দ্বারা সঠিক আইন প্রণয়ন হবে না। আমরা বলেছি, নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করে তাদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে।’
বিএনপি নেতা বলেন, ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস। ২০১৪ সালের ৫ জানুয়ারি এ দেশের শতকরা পাঁচজন ভোটারও তাদের ভোট দেয়নি।’ তিনি বলেন, ‘২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সুকৌশলে এ দেশে বিরোধী দল যাতে রাজনীতি করতে না পারে, তার ব্যবস্থা করেছে।’
ইত্তেফাক/এএম।
