বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়লেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। তার জায়গা আসন্ন টি-২০ সিরিজে নিউজিল্যান্ড দলে ডাক পেলেন নিল ব্রুম।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন গাপটিল। ফলে ৬ রান নিয়ে আহত অবসরে যেতে বাধ্য হন তিনি। পরে জানা যায়, হ্যামস্ট্রিং ইনজুরিতে থেকে সুস্থ হতে তার দুই থেকে চার সপ্তাহ লেগে যাবে। যে কারণে টি-২০ সিরিজে খেলতে পারবেন না তিনি।
গাপটিলের ইনজুরিতে হতাশ নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন, ‘সাদা বলে গাপটিল অবশ্যই আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। তার ইনজুরিতে পড়াটা আমাদের জন্য হতাশার। আমরা আশা করছি, সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে। জানুয়ারির শেষের দিকে অস্ট্রেলিয়ার সিরিজের আগে নিজেকে তৈরি করে ফেলবে।’
গাপটিলের জায়গায় টি-২০ স্কোয়াডে ডাক পেলেন ব্রুম। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। তিন ম্যাচে তার স্কোর ছিল- ২২, ১০৯* ও ৯৭। সেই সুবাদে তিন বছর পর আবারো টি-২০ স্কোয়াডে ডাক পেলেন ব্রুম।
আগামী ৩ জানুয়ারি থেকে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার টি-২০ সিরিজ শুরু হবে।
নিউজিল্যান্ড স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, নিল ব্রুম, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, কলিন মুনরো, জেমস নিশাম, লুক রঞ্চি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টার, ইশ সোধি ও বেন হুইলার।
ইত্তেফাক/আরএ
