বিশ্বকাপের দুয়ারে আর্চার

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:৪৩

সব ঠিক থাকলে হয়তো ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপ খেলতেন। কিন্তু অনেক আগেই বারবাডোজ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমানো জোফ্রা আর্চার ইংল্যান্ডের হয়েই খেলতে চান। তার স্বপ্নটা সত্যি হতে চলেছে। পাকিস্তানের বিপক্ষে আসছে সিরিজেই ইংল্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে তার। আর এই সিরিজে ভালো করলে বিশ্বকাপের দরজাটাও খুলে যেতে পারে এই পেসারের জন্য। অন্তত তেমনটাই বললেন ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগ্যান।

বারবাডোজে জন্ম নেওয়া আর্চার এখন বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে সবচেয়ে আকর্ষণীয় পেস বোলার। এই সময়ের ক্রিকেটে সবচেয়ে কার্যকর পেসারদের একজনও মনে করা হয় তাকে। চলমান আইপিএলে খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। ইতিমধ্যে ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি।

এই আর্চারকে একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত ইংল্যান্ড নিয়ে ফেলেছে। সেই ব্যাপারে মরগ্যান বলছিলেন, ‘জোফ্রাকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, সে যে বিশ্ব জুড়ে সুনাম তৈরি করেছে এবং তাকে নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে লোকদের, এর সবই খুব যৌক্তিক। সে তার নিজের পারফরম্যান্স দিয়েই এগুলো তৈরি করেছে। ট্রেভর বেয়ালিস ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরই বলেছেন, পাকিস্তানের বিপক্ষে আমরা তাকে দেখবো এবং আমি নিশ্চিত করছি, আমরা সেটা করবো। আমরা পাকিস্তান সিরিজ শেষ হওয়ার আগে বিশ্বকাপের দল ঘোষণা করছি না। ফলে এই সিরিজটাতে সে কেমন করে, সেটা আমরা বিবেচনায় নেবো।’

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে ৮ মে থেকে ১৯ মে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। আর এই সিরিজের পরই ঘোষিত হবে তাদের বিশ্বকাপের দল।

বিশ্বকাপে এবার স্বাগতিক ইংল্যান্ড দারুণ ফেবারিট। দলটি এখন সীমিত ওভারের ক্রিকেটে সবচেয়ে ভারসাম্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে মরগ্যান বলছেন, এই ফেবারিট তকমা ধরে রাখতে তাদের মাঠেই পারফরম করতে হবে, ‘এটা আমরা অস্বীকার করতে পারি না যে, আমরা এবার বিশ্বকাপ অন্যতম ফেবারিট হিসেবে শুরু করবো। এই খেতাবটা আমাদের মানিয়ে যাচ্ছে। কারণ, সম্প্রতি আমরা অনেক সাফল্য পেয়েছি। কিন্তু সব সাফল্যই অতীত। আমাদের মনোযোগ থাকবে, মাঠে পারফরম করে এটা ধরে রাখার।’