বাংলাদেশের রোমান সানা এশিয়া কাপ ‘ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ-১ এ ছেলেদের রিকার্ভ এককে ফাইনালে উঠেছেন। আগামীকাল শনিবার কাজাখস্তানের আব্দুললিন ইলফাতকে হারালেই স্বর্ণ জেতবেন বাংলাদেশের এই তারকা আরচ্যার।
থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে আর্চারির এই প্রতিযোগিতা। তাতে গতকাল বৃহস্পতিবার স্বাগতিক দেশের প্রতিযোগী উইথাইয়া থামওংকে ৬-২ সেটে হারিয়ে দিয়ে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে উঠেছেন রোমান।
বিডিনিউজ জানায় তিনি এর আগে কোয়ার্টার-ফাইনালে ৭-৩ সেটে জিতেছিলেন রাশিয়ার সাইবেকদরজিয়েভের বিপক্ষে। এছাড়াও তৃতীয় রাউন্ডে ভারতের প্রতিযোগী সূত্রধরকে ৬-০ সেটে উড়িয়ে দিয়ে পরের রাউন্ডে মিয়ানমারের নে লিন ওকে হারিয়েছিলেন ৭-৩ সেটে।
এই ইভেন্টের সেরা আটে ওঠার লড়াইয়ে রোমানের সতীর্থ ইমদাদুল হক মিলন ৭-১ সেটে মালয়েশিয়ার প্রতিযোগীর কাছে এবং হাকিম আহমেদ রুবেল ৬-২ সেটে হেরেছেন ভিয়েতনামের প্রতিযোগীর কাছে।
কম্পাউন্ড পুরুষ এককের সেমি-ফাইনালে ইরানের প্রতিযোগীর কাছে ১৪৪-১৪০ পয়েন্টে হারা অসীম কুমার দাস পরে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ভারতের প্রতিযোগীর কাছে ১৪৫-১৪২ পয়েন্টে হেরে চতুর্থ হন। এ ইভেন্টের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেন অসীমের সতীর্থ আবুল কাশেম মামুন ও শেখ সজীব।
কম্পাউন্ড মহিলা এককে কোয়ার্টার-ফাইনালে ভারতের মুসকান কিরারের কাছে ১৪৪-১৪১ পয়েন্টে হেরে ছিটকে পড়েন সুস্মিতা বণিক। এর আগে শেষ ষোলো থেকে বিদায় নেন বাংলাদেশের আরেক আর্চার বন্যা আক্তার।
