'ইসলাম ধর্মের রীতিনীতিকে অমান্য করায়' টুইটারে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ।
ক্ষুদে ব্লগ লেখার সাইটটিতে সকালের ব্যায়ামের সময় তোলা 'সুর্্যকে নমস্কার'-এর একাধিক ছবি পোস্ট করেন কাইফ। এতে তার বিরুদ্ধে ইসলাম ধর্মের রীতিনীতিকে অবমাননার অভিযোগ তুলেন তার কিছু ভক্ত-অনুরাগী।
এনডিটিভির খবর বলছে, টুইটারে প্রায়শই ফিটফাট থাকার পরামর্শ ও নানান ছবি শেয়ার করে থাকেন কাইফ। এ নিয়ে ভক্তদের প্রশংসাও কুড়ান তিনি। তবে এবার তিনি সূর্্যকে নমস্কারের ভঙ্গিতে সকালের ব্যায়ামের একাধিক ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন।
শনিবার টুইটারে নিজের অ্যাকাউন্ট থেকে ওই ছবিগুলো পোস্ট করে ৩৬ বছর বয়সী কাইফ লিখেন, 'শরীর নামের সিস্টেমের জন্য কার্যকরী ব্যায়াম হলো সূর্য নমস্কার। যন্ত্রের সাহায্য না নিয়ে কার্যকরী ব্যায়াম করতে চাইলে সূর্য নমস্কারের জুড়ি নেই।'
তার টুইটের নিচে এক ভক্ত লিখেছেন, 'সূর্যকে নমস্কার ইসলাম ধর্মের রীতিনীতি ও সংস্কৃতি বিরোধী। তাও কেন এমন পোস্ট শেয়ার করেছেন আপনি?'
আরেকজন লিখেছেন, 'ইসলামে সূর্যকে নমস্কার শতভাগ নিষিদ্ধ। আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করি না। এটা ঈমানের অঙ্গ।'
অপর একজন লিখেছেন, 'ধর্মীয় ইবাদাত করছেন, এমন ছবি এ যাবত কখনো পোস্ট করেছেন?'
এমন হাজারো মন্তব্য জমেছে কাইফের ওই টুইটার পোস্টের নিচে। তবে এখনো ওই পোস্ট ডিলিট করেননি কাইফ। তার মতে, 'শারীরিক ব্যায়ামের সাথে ধর্মের কোনো যোগ নেই।'
দিন চার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী হাসিন জাহানের সাথে তোলা একটি ছবি শেয়ার করে ভক্তদের ক্ষোভের মুখে পড়েন ভারতীয় ক্রিকেট সেনসেশন মোহাম্মাদ সামি।
ছবিতে হাসিন 'হিজাব না পরে' মেরুন রঙের স্লিভলেস পোশাকে থাকায় সামিকে আজেবাজে মন্তব্য ও তার সম্পর্কে বাজে সমালোচনা করে ফেসবুক ব্যবহারকারী ভারতীয় মুসলিমরা!
ইত্তেফাক/এএম
