বিমানের শৃঙ্খলা ভেঙে পড়েছে

আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১০:০৯
 
ভেঙে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শৃঙ্খলা। দীর্ঘদিন যাবত্ এ অবস্থা চলছে। অবশেষে নতুন বছরের প্রথম দিন থেকে এই শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে জাতীয় পতাকাবাহী এ সংস্থা।  গতকাল রবিবার থেকে ‘শৃঙ্খলা সপ্তাহ’ পালন শুরু হয়েছে।  প্রথম দিন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এএম মোসাদ্দিক আহমেদ এক অনুষ্ঠানে বলেন, ‘যেকোনো সংস্থা বা সংগঠনের উন্নয়নের জন্য শৃঙ্খলার কোনো বিকল্প নেই। বিমানকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে হবে। সংস্থার আইন-কানুন, রীতিনীতি মেনে চলতে হবে।’
 
 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর এবং সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে দৈনিক দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের শতাধিক ফ্লাইট চলাচল করে। এই তিনটি বিমান বন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পালন করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কিন্তু পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারী থাকা সত্ত্বেও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে গাফিলতি নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। বিদেশ থেকে ফ্লাইট বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের পর সংশ্লিষ্ট যাত্রীদের লাগেজ হাতে পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। বিমান বন্দর টার্মিনালে যাত্রীরা তেমন কোনো সহযোগিতা পান না। টার্মিনালের ব্রিফিং কাউন্টারের সামনে বোর্ডিং পাস গ্রহণের জন্য বিদেশগামী যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। যাত্রীদের গ্রাহক সেবার মানের চরম অবনতি ঘটেছে। বিমানের গ্রাহক সেবা পরিদপ্তরের পরিচালক হিসেবে যাকে বসানো হয়েছে তিনি পূর্বে কেবিন ক্রু ছিলেন। তার কর্মদক্ষতা নিয়েও নানা প্রশ্ন রয়েছে।