বগুড়ার ধুনট উপজেলায় অপহৃত স্কুলছাত্রীকে ১৯ দিন পর উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের মামলার প্রধান আসামি আাফিজার রহমানকে (২২) গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রবিবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। আফিজার রহমান উপজেলার নিমগাছি গ্রামের আব্দুল জলিল প্রামানিকের ছেলে। শনিবার (৩১ডিসেম্বর ২০১৬) রাতে শেরপুর-ধুনট মোড় এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, উপজেলার নিমগাছি গ্রামের ওই ছাত্রী নিমগাছি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। প্রায় ছয় মাস ধরে একই গ্রামের আফিজার রহমান স্কুলে যাতায়াতের পথে ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ওই ছাত্রীর বাবা আফিজারের অভিভাবকদের জানান। এতে আফিজার আরো ক্ষিপ্ত হয়ে উঠে। ১২ ডিসেম্বর সন্ধার দিকে বাড়ির পাশে রাস্তায় বের হয় ওই স্কুলছাত্রী। এ সময় রাস্তা থেকে ওই স্কুলছাত্রীকে সিএনজি-চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় আফিজার ও তার সহযোগীরা। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়েস্থানীয় থানায় অপহরণ মামলা করেন। ওই মামলায় আফিজার রহমানসহ পাঁচজনকে আসামি করা হয়।
ইত্তেফাক/এএসএমইউ
