চট্টগ্রামে শুরু হওয়া সিরাজ কিশোর ফুটবলে জয়ী সূচনা করেছে বাংলাদেশ বয়েজ ক্লাব। গত বুধবার চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী দিনের খেলায় ক্লাবটি টাইব্রেকারে ৩-২ গোলে হারায় পাহাড়তলী একাদশকে। ৭০ মিনিটের খেলাটি ১-১ গোলে ড্র হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে যেতে হয় দুই দলকে। এতে ফলাফল আসে ৩-২ ব্যবধানে।
এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এলিট পেইন্ট গ্রুপের পরিচালক মাজহার হোসেন, ফুটবল কমিটির চেয়ারম্যান বিজয় বসাক, এলিট পেইন্টের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ, মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, ফুটবল কমিটির সম্পাদক শামীম আজাদ খোকন, যুগ্ম সম্পাদক নাছির মিয়া, এমএ মুছা বাবুল প্রমুখ।
