নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে চাঁদাবাজি ও অটোস্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়ার মৃত্যুর ঘটনায় সোমবার প্রতিপক্ষের ৩০টি বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে নেত্রকোনা ও ঈশ্বরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর সাহিতপুর বাজার দখল ও সিএনজি-অটোস্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে দুলাল মিয়াসহ ১০ জন আহত হয়। দুলাল মিয়াসহ গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে দুলাল মিয়া মারা যান। এর পরপরই প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
