রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন ভবনের উপর থেকে টাইলস পড়ে পথচারী মেঘলা (১৫) আহত হয়েছে। সে নগরীর দড়িখরবোনার জনৈক ছানা আলীর মেয়ে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ এলাকায় এ ঘটনার পরই তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, দড়িখরবোনা এলাকার সড়কের পাশেই শহিদুল ইসলাম বাচ্চুর ১০ তলা ভবনের কাজ চলছে। ওই ভবনটির চারপাশে কোনো ধরনের পর্দা বা বস্তার কভার দেয়া নেই, শ্রমিক বা পথচারীদের জন্য। উপর থেকে কিছু পড়লে নিচে মানুষের গায়ে পড়ে। ওই ভবনে নির্মাণ শ্রমিকরা সাত তলায় কাজ করছিলেন। তাদের অসাবধারণতায় একটি টাইলসের কার্টুন নীচে পড়ে যায়। এ সময় সেটি নিচের পথচারী মেঘলার মাথায় পরে। এর আগে একই ভবনের কাজের সময় লিফটের পাশের সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে নিচে পরে এক নির্মাণ শ্রমিক আহত হন। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, আমি সভায় ছিলেন। শুনেছি। আমি তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর নগরীর দরিখরবোনা এলাকার ওই নির্মাণাধীন ভবনের লিফটের কাজ করতে গিয়ে নগরীর উপকণ্ঠ কাটাখালীর দালালপাড়ার শ্রমিক আবদুল খালেক (৪৫) নিহত হন। তিনি দালালপাড়ার মৃত ফয়েজ উদ্দীনের ছেলে।
ইত্তেফাক/এএম।
