জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ সময় আরো ৪ জন আহত হয়েছে।
দেওয়ানগঞ্জ থানার ওসি মো.মোস্তাছিনুর রহমান এবং এলাকাবাসিরা জানায়, গত ২ জানুয়ারী সোমবার দুপুরে সানন্দবাড়ি বাজার থেকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা পাঁচজন যাত্রী নিয়ে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। অটোরিক্সাটি দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কের গুলুঘাট এলাকায় পৌঁছলে চালক এর নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া মারা যায়।
নিহত রাবেয়া দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের চর আমখাওয়া গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী। এ সময়ে আহত যাত্রীরা হলেন সানন্দবাড়ি এলাকার আকলিমা বেগম (৪০), সন্ধ্যা বেগম (৫৫), বৃষ্টি আক্তার (১৮) ও ওয়াজেদ আলী (১৫)।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
ইত্তেফাক/এএন
