বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

হতাশা কাটিয়ে ফেরার পালা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ০৯:৩৭
 
আপাত দৃষ্টিতে দেখলে সবকিছুই বাংলাদেশের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলা-দেশ কখনোই কোনো টি-টোয়েন্টি ম্যাচ জেতেনি। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ কখনোই কোনো আন্তর্জাতিক ম্যাচ জেতেনি। আর মাত্রই শেষ হওয়া ওয়ানডে সিরিজে টানা তিন পরাজয়ের হতাশা যুক্ত হয়েছে।
 
এসব নেতিবাচক ব্যাপারের মধ্যে একটাই ইতিবাচক খবর— খেলোয়াড়রা টি-টোয়েন্টিতে ভালো করার ব্যাপারে আশাবাদী। আর এই আশাবাদ নিয়েই আজ থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মাউন্ট মঙ্গানুইতে ৬ ও ৮ জানুয়ারি।
 
আজকের টি-টোয়েন্টি নিয়ে যতদূর ধারণা পাওয়া গেছে, তাতে দলে খুব বড়সড় কোনো চমক থাকছে না। বিশ্বকাপের পর প্রথম টি-টোয়েন্টি খেলবেন আজ মুস্তাফিজুর রহমান। আর ইনজুরিতে পড়া মুশফিকুর রহিমের বদলে যথারীতি দলে থাকছেন নুরুল হাসান সোহান। আজ সকালে ঠিক হওয়ার কথা একাদশে তাসকিন আহমেদ, নাকি রুবেল হোসেন থাকবেন।
 
তবে একাদশ যেমনই হোক, বাংলাদেশের জন্য প্রধান চ্যালেঞ্জ হবে, ওয়ানডের হতাশা কাটিয়ে ফিরে দাঁড়ানো। সে ব্যাপারে দল বেশ আশাবাদী। গতকাল দলের হয়ে কথা বলা সহঅধিনায়ক সাকিব আল হাসান যেমন বলছিলেন, বড় রান করার লক্ষ্য নিয়ে নামবেন তারা, ‘এখানকার টি-টোয়েন্টি আমরা দেখেছি বেশকিছু। অনেক রান হচ্ছে, দুইশ রানও অনায়াসে তাড়া করে ফেলছে। এখানে মাঠ ছোট, বিশেষ করে উইকেটের দুই পাশে সীমানা অনেক ছোট। আগে ব্যাট করলে বড় রান গড়তে হবে, পরে ব্যাট করলে বড় রান তাড়ার প্রস্তুতি রাখতে হবে।’
 
সাকিবের অনুমান এখানে জিততে হলে ১৮০ বা ১৯০ রানের মতো একটা ইনিংস খেলতে হবে, ‘উইকেট যদিও এখনো দেখিনি, তার পরও অনুমান করতে পারি আগে ব্যাট করলে অন্তত ১৮০-১৯০ হয়ত করতে হবে। উইকেট-আবহাওয়ার ওপর নির্ভর করবে যদিও। তবে এখানে যে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে, সেখানে এরকম রানই হচ্ছে। চেষ্টা থাকবে সে রকম কিছুই করতে।’
 
সাকিব মনে করেন, টি-টোয়েন্টির সাধারণ যেমন ধারণা যে খুব মেরে কেটে খেলতে হবে, এখানে তা না করলেও হবে। যে ব্যাটসম্যান সেট হতে পারবে, সে ভালো খেললেই বড় ইনিংস হবে বলে তার বিশ্বাস, ‘নিউজিল্যান্ডে খুব বেশি ‘ফায়ার পাওয়ার’ দরকার নেই। কারণ মাঠগুলো অত বড় না, আউটফিল্ড গতিময়। আমাদের যা শক্তি আছে, তা দিয়েই মাঠ পার করা সম্ভব। যেটা দরকার, যে থিতু হতে পারবে তাকে বড় ইনিংস খেলতে হবে।’
 
মাঠের পারফরম্যান্স যেমনই হোক, দু দলের জন্যই আজ চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বৃষ্টি। গতকাল বাংলাদেশ দল বৃষ্টির জন্য ঠিকমতো অনুশীলনও করতে পারেনি।