জগন্নাথপুরে ভূমিকম্প আতঙ্কে একজনের মৃত্যু

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ২০:৩১
সুনামগঞ্জে ভূমিকম্পের আতঙ্কে হিরণ মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে তিনটায় এ ঘটনা ঘটে।
 
হিরণ মিয়া জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, এদিন বিকেলে হিরণ মিয়া নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাত্ ভূমিকম্প হওয়ায় ঘর থেকে দ্রুত বের হতে গিয়ে তিনি দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ডা. মুধুস‍ূদন ধর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, ভূমিকম্প হওয়ার সময় ভয় পেয়ে পাটলি মাদ্রাসার ছাত্র নাদিউল ইসলাম মাদ্রাসার দুই তলা থেকে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএম।