রেনশ-ওয়ার্নারের ব্যাটিং তান্ডবে বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ২০:৪৮
প্রথম সেশনেই ডেভিড ওয়ার্নারের ঝড়ো সেঞ্চুরির পর আরেক তরুণ ওপেনার ম্যাট রেনশের অতিমানবীয় ইনিংসের কল্যাণে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের প্রথম দিনই বড় সংগ্রহ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
 
ওয়ার্নারের ৯৫ বলে ১১৩ ও রেনশ’র অপরাজিত ১৬৭ রানের সুবাদে ৮৮ ওভারে ৩ উইকেটে ৩৬৫ রানের বড় সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। 
 
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ব্যাটিং-এ নেমে টি-টোয়েন্টি স্টাইলে শুরু করেন ওয়ার্নার। প্রথম ৩ ওভারেই দলের স্কোর ২৫-এ নিয়ে তিনি। এরমধ্যে ১৩ বলে ২৩ রান নিজেই করেন ওয়ার্নার।
 
এমন শুরুতে আজ বড় কিছু করে দেখানোর ইঙ্গিতই দিয়েছিলেন ওয়ার্নার। শেষ পর্যন্ত তাই করলেন। মধাহৃ-বিরতির আগেই ৭৮ বলে টেস্ট ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। এতে টেস্ট ইতিহাসে বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনেই সেঞ্চুরির স্বাদ নিলেন এই বাঁ-হাতি।
 
এমন অনন্য রেকর্ডে নাম লেখাতে গিয়ে, অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ ও তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুত সেঞ্চুরি করেন ওয়ার্নার। শেষ পর্যন্ত তার ইনিংসটি থামে ১১৩ রানে। ৯৫ বলের ইনিংসে ১৭বার মাটি কামরানো বাউন্ডারি হাকিয়েছেন তিনি। আউট হবার উদ্বোধনী জুটিতে রেনশ’র সাথে ১৫১ রান যোগ করেন ওয়ার্নার।
তার বিদায়ের পর উসমান খাজা ও অধিনায়ক স্মিথ বড় ইনিংস খেলতে পারেননি। দু’জনে ৪০ বল করে মোকাবেলা করেছেন। খাজা ১৩ ও স্মিথ ২৪ রান করেন। 
তবে দিনের শেষ পর্যন্ত রেনশ’র সাথে অবিচ্ছিন্নভাবে কাটিয়ে দিয়েছেন পিটার হ্যান্ডসকম্ব। চতুর্থ উইকেটে ১২১ রানের অনবদ্য জুটি গড়েছেন তারা।
 
এর মধ্যে সবচেয়ে বেশি আলোকিত ছিলেন রেনশ। চতুর্থ ম্যাচেই টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। স্ট্রাইক রেট ৬০ রেখে ২৭৫ বলে ১৬৭ রান তুলে অপরাজিত থাকেন রেনশ। তার ইনিংসে ১৮টি চার ছিলো। ৮২ বলে ৪০ রান করে অপরাজিত আছেন হ্যান্ডসকম্ব। পাকিস্তানের পক্ষে পেসার ওয়াহাব রিয়াজ ২টি উইকেট নেন। 
 
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে) :
অস্ট্রেলিয়া : ৩৬৫/৩, ৮৮ ওভার (রেনশ ১৬৭*, ওয়ার্নার ১১৩, ওয়াহাব ২/৬৩)। 
 
ইত্তেফাক/এমএইচ