শীত এসে গেছে। বাংলার এই ঋতুকে উদযাপনের জন্য শুক্রবার থেকে বাংলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে তিন দিনের পৌষ মেলা। মঙ্গলবার সকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেলার নানা প্রস্তুতির কথা জানান, পৌষ মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, পৌষ মেলা উদযাপন পরিষদের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সহসভাপতি নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী।
সকাল আটটায় একাডেমির নজরুল চত্বরে মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি থাকছেব পিঠা-পুলির স্টল। বিচিত্র সাজের, বাহারি গন্ধের পিঠা-পুলি, নলেন গুড় আর খেজুর রসে শিরনি পায়েস থাকবে মেলায়।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, সারা দেশে যখন সাম্প্রদায়িক চেতনা বিস্তৃত হয়েছে, তখন এ মেলাটি লোকজ সংস্কৃতিকে নতুন করে চেনাবে তরুণদের।
গোলাম কুদ্দুছ বলেন, বাঙালির আত্মপরিচয়ের মূল ঠিকানা সম্পর্কে জানে না অনেক তরুণ। তারা ভুলতে বসেছে শেকড়ের কথা। দেশেও সংস্কৃতিচর্চাও ক্রমশ ম্রিয়মান হয়ে পড়ছে। আমরা এ মেলার মাধ্যমে সংস্কৃতি চর্চাকে জাগিয়ে তুলতে চাই।
ইত্তেফাক/এমআই
