সাফের শিরোপার অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ২১:৩০
সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। আর একটি ম্যাচ জিতলেই স্পর্শ করা যাবে কাঙ্খিত শিরোপা। তবে প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি ভারত। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শিলিগুঁড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে।
 
প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন হলেও বাংলাদেশের মেয়েরা খুবই আত্মবিশ্বাসী। আর সাম্প্রতিক পারফরমেন্সে সাবধান ভারতের মেয়েরাও।
 
গত ৩১ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পরাশক্তি ভারতকে মোকাবেলা করেছিল সাবিনা খাতুন ও তার দল। অবাক করার বিষয় হলো ভারতের আক্রমণভাগ একবারের জন্য সাবিনাদের জালে বল জড়াতে পারেনি। অবশ্য বাংলাদেশও পারেনি। কিন্তু তাতে কি? দিন শেষে পয়েন্টতো হারাতে হয়নি। উল্টো সাফের পরাশক্তিদের সাথে ভাগ করে নিয়েছে ম্যাচ পয়েন্ট। সাফ নারী ফুটবলের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশ ভারতকে রুখে দিয়ে উঠল সেমিফাইনালে।
 
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে এর আগেও তিনবার উঠেছে ভারতের মেয়েরা। আর তিনবারই শিরোপা জয়ের বাধভাঙ্গা উল্লাসে মেতেছে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে পরাশক্তি এই দলটি।
 
তবে এবার তাদের সামনে রয়েছে কঠিন পরীক্ষাই। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার ফুটবলে একটি শক্তি যাকে মাথায় রেখে তবেই এই অঞ্চলের প্রতিটি দেশকেই এখন মাঠে নামতে হয়।
 
সেমিফাইনালেও কেননা সিরাত জাহান স্বপ্নার হ্যাটট্রিকে মালদ্বীপকে ৬-০ তে গুঁড়িয়ে দিয়ে তবেই শিরোপা জয়ের মিশনে উঠে এসেছে বাংলাদেশ।
 
ইত্তেফাক/এমএইচ