সুউচ্চ ভবন করতে আশপাশে জলাধার রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ২১:৩৭
যে কোন সুউচ্চ ভবন করার সময় আশপাশে জলাধার রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনবলের অভাবে কোন উন্নয়ন প্রকল্প যাতে বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও দিয়েছেন তিনি। 
 
মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 
 
মন্ত্রী জানান, জনবলের অভাবে কিছু কিছু প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। প্রকল্প অনুমোদনের আগে জনবলের বিষয়টি নিশ্চিত করতে হবে। জনবলের অভাবে প্রকল্প যাতে বাধাগ্রস্থ না হয় এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ প্রধান করেছেন। জীববৈচিত্র রক্ষায় এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধার বিষয়সহ বঙ্গবন্ধু সাফারি পার্কের উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন বলেও জানান তিনি।
 
মঙ্গলবার একনেক সভায় ২ হাজার ৪৭৪ কোটি ৬৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় ১৫৯ কোটি টাকা ব্যয় সম্বলিত গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ শীর্ষক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের মধ্যমে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে গ্লোবাল প্লাটফর্মে নেতৃস্থানীয় ভাষা হিসেবে বাংলা কম্পিটিং প্রতিষ্ঠা করা হবে। আইসিটি সহায়ক বাংলা ভাষার বিভিন্ন বৈশিষ্ঠ্য প্রমিতকরণ, বাংলা কম্পিউটিং এর জন্য প্রয়োজনীয় টুলস, কারিগরি ও বিষয়বস্তু উন্নয়ন এবং আইসিটিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ ও আধুনিকায়নের জন্য একটি সমীক্ষা করা হবে। মুস্তফা কামাল বলেন, পৃথিবীতে বিদ্যমান প্রায় সাত হাজার ভাষার মধ্যে বাংলা ভাষা সপ্তম বৃহত্তম ভাষা। তথ্য প্রযুক্তিতে বাংলা-ভাষা সমৃদ্ধ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন। দৃষ্টি প্রতিবন্ধীরাও যাতে তথ্য প্রযুক্তিতে এ সুবিধা পেতে পারেন এই ব্যাপারে প্রয়োজনীয় সফটওয়্যার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা প্রধান করেছেন। 
 
ইত্তেফাক/এমআই