পাবনার ঈশ্বরদী উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত. মুকুল মুন্সি (৪২) উপজেলার পিয়ারাখালী এলাকার মৃত আবু জাফর মুন্সির ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদী পৌর এলাকার ভূতেরগাড়ির ইসলাম পাড়ায় ইটের ভাটার পুকুরে এ ঘটনা ঘটে। বুধবার মুকুলের লাশ ময়না তদন্তের জন্য পাবনায় পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যার দিকে ৪/৫ জন ব্যক্তি ওই পুকুর পাড়ে বসে তাড়ি সেবন করছিল। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ সেখানে গিয়ে তাদের ধাওয়া করলে নেশাগ্রস্ত ওই ব্যক্তিরা পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয়। এ সময় মুকুল মুন্সি পুকুরের ডুবে মারা যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ মুকুলকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সর্ভিসের মাধ্যমে রাজশাহী হতে ডুবুরি আনা হয়। ডুবুরি রাত ১১টার দিকে মুকুলের লাশ উদ্ধার করে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বলেন, ‘পুকুরপাড় হতে তাড়ি ছাড়াও কিছু দেশী মদের বোতাল জব্দ করা হয়েছে।’
ইত্তেফাক/এএসএমইউ
