নির্বাচনে সবচে বেশি ভোট পেয়েছে সেনা সমর্থিত দল

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২৩:১০

থাইল্যান্ডের নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচিত সরকারকে উত্খাতের ৫ বছর পর হওয়া নির্বাচনে সেনা সমর্থিত পালং প্রচা রথ পার্টিই সবচেয়ে বেশি ভোট পেয়েছে। ভোটের সংখ্যায় দ্বিতীয় হয়েছে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সমর্থিত পুয়ে থাই পার্টি। দুই দলের ভোটের পার্থক্য প্রায় ৫ লাখ। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপ মহাসচিব ক্রিত উরওংসে একথা জানিয়েছেন। তিনি বলেন, সেনা সমর্থিত পালং প্রচা রথের পক্ষে মোট ৮৪ লাখ ভোট জমা পড়েছে। আর পুয়ে থাই পার্টি পেয়েছে সব মিলিয়ে ৭৯ লাখ ভোট।

গত রবিবার অনুষ্ঠিত ভোটের সব ব্যালট গণনা শেষে অনানুষ্ঠানিকভাবে দলগুলোর ভোট প্রাপ্তির এ তথ্য জানানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আগামী ৯ মে আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে। তবে ভোটের   সংখ্যা জানালেও থাই পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে কোন দল কতটি আসন জিতেছে তা জাানায়নি কমিশন। দেশটির ৫০০ আসনবিশিষ্ট প্রতিনিধি পরিষদের ৩৫০টি আসন সরাসরি ভোটের মাধ্যমে নির্ধারিত হয়। বাকি আসন দলগুলোর ভোটপ্রাপ্তির হারসহ জটিল হিসাব-নিকাশে ভাগ হয়। নিম্নকক্ষে যাই হোক না কেন, থাইল্যান্ডের নতুন সংবিধান অনুযায়ী উচ্চকক্ষের আসনগুলোতে প্রতিনিধি দেয়ার এখতিয়ার সামরিক বাহিনীর। দুই কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটেই ঠিক হবে নতুন প্রধানমন্ত্রী। -রয়টার্স