কীর্তিমান স্থপতি বশিরুল হক পেলেন হামিদুর রহমান পুরস্কার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে তার হাতে এ পুরস্কার তুলে দেন বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থপতি নাহাস খলিল, সাবেক রাষ্ট্রদূত মুহম্মদ কামালুদ্দিন এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। অনুষ্ঠানে স্থপতি বশিরুল হকের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
পুরস্কার প্রদানের সার্বিক ব্যবস্থা ও পরিচালনার দায়িত্বে রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। পঞ্চাশের ও ষাটের দশকের কীর্তিমান শিল্পী, কেন্দ্রীয় শহীদ মিনারের নকশার প্রধান রূপকার হামিদুর রহমানের স্মৃতি রক্ষার্থে তার পরিবারের পক্ষ থেকে ২০০৭ সাল থেকে এ পুরস্কার প্রবর্তন করা হয়।
শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের তিন দশক পূর্তি
নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের তিন দশক পূর্তিতে চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল থেকে আগামী শনিবার পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। গতকাল উদ্বোধনী দিনে ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, নাচ, কবিতা, আবৃত্তি ও নাটক। গান গেয়ে শোনান দেবাশিস বিশ্বাস ও শহুরে গায়েন। এছাড়াও ছিল চলচ্চিত্র প্রদর্শনী। আজ শুক্রবার সকাল ৯টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়ে শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। এ পর্বে প্রধান অতিথি থাকবেন উন্মাদ সম্পাদক আহসান হাবীব। পাঠাগারের সভাপতি আলী মো. আবু নাঈম জানান, ১৯৮৯ সালের ৩ মার্চ প্রতিষ্ঠা করা হয় এ পাঠাগার।
