মোহাম্মদপুরের জান্নাতবাগ বস্তি উচ্ছেদে নিষেধাজ্ঞা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৪:০৩
 
রাজধানীর মোহাম্মদপুরের জান্নাতবাগ চল্লিশ বস্তি উচ্ছেদে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে উচ্ছেদ কার্যক্রম কেন বেআইনি হবে না’এই মর্মে রুল জারি করা হয়েছে।
 
আজ বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা দেয়।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
 
খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, গত ২ জানুয়ারি কোনো নোটিশ ছাড়াই মোহাম্মদপুরের জান্নাতবাগ বস্তি উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মোবাইল কোর্ট। এই উচ্ছেদ কার্যক্রমের বিরুদ্ধে মঙ্গলবার হাইকোর্টে রিট করেন তিন বস্তিবাসী ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত আজ উপরোক্ত আদেশসহ রুল জারি করে।
 
 
ইত্তেফাক/কেকে