রেকর্ড গড়েও অদৃশ্য চান্ডিমাল-মেন্ডিসের রেকর্ড

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৮:০১
উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে উইকেটের পেছনে সবচেয়ে বেশি ক্যাচ নিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন অনেক খেলোয়াড়ই। সর্বোচ্চ ৭টি ক্যাচ নিয়ে রেকর্ড বইয়ে যৌথভাবে সবার উপরে বিভিন্ন দেশের চার জন উইকেটরক্ষক। 
 
তবে উইকেটের পেছনে ৭টি ক্যাচ নিয়েও রেকর্ড বইয়ে জায়গা হলো না শ্রীলংকার দিনেশ চান্ডিমাল ও কুশাল মেন্ডিসের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে উইকেটরক্ষক হিসেবে চান্ডিমাল-মেন্ডিস ভাগাভাগি করে দায়িত্ব পালন করে ক্যাচ নেন ৭টি। তারপরও রেকর্ড বইয়ে নাম উঠলো না তাদের। কারণ ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর রেকর্ড বইয়ে ভাগাভাগি করে উইকেটের পেছনে দায়িত্ব পালন করে সবচেয়ে বেশি ক্যাচ বা স্ট্যাম্পড আউট করে রেকর্ড গড়লেও সেটি লিপিবদ্ধ হবে না। তাই রেকর্ড গড়েও রেকর্ড বইয়ে অদৃশ্য চান্ডিমাল-মেন্ডিসের রেকর্ড। 
 
কেপটাউনে টেস্টের প্রথম দিন হঠাৎ করেই জ্বর অনুভব করায় উইকেটরক্ষকে দায়িত্ব ছেড়ে দিয়ে ড্রেসিং রুমে বিশ্রামে চলে যান নিয়মিত কিপার চান্ডিমাল। ফলে উইকেটরক্ষকের দায়িত্ব পান মেন্ডিস। টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ২৯৭ রান তুলে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। উইকেটের পেছনে ৩টি ক্যাচও নেন মেন্ডিস। 
 
তবে দ্বিতীয় দিনের শুরু থেকে উইকেটরক্ষকের দায়িত্ব আর পালন করতে হয়নি মেন্ডিসকে। কারণ সুস্থ হয়ে যথারীতি নিজ দায়িত্বে ফিরেন চান্ডিমাল। আর দ্বিতীয় দিন উইকেটের পেছনে চারটি ক্যাচ নেন তিনি। ফলে এই ইনিংসে শ্রীলংকার দুই উইকেটরক্ষক যৌথভাবে শিকার করলেন ৭টি ক্যাচ। কিন্তু তারপরও তাদের নাম রেকর্ড বইয়ে উঠলো না। কারণ এমন রেকর্ড লিপিবদ্ধ করে না ক্রিকইনফো। 
 
এবারই প্রথম এমন রেকর্ডের জন্ম দিলেন না চান্ডিমাল ও মেন্ডিস। টেস্ট ইতিহাসে এমন ঘটনা আরও একবার ঘটেছিলো ১৯৭৭ সালে। জ্যামাইকাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচের তৃতীয় ইনিংসে ভাগাভাগি করে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করে ৭টি ক্যাচ নিয়েছিলেন পাকিস্তানের ওয়াসিম বারি ও মাজিদ খান। অনিয়মিত উইকেটরক্ষক চারটি ও নিয়মিত উইকেটরক্ষক বারি ৩টি ক্যাচ নেন। তাই বারি-মাজিদ ও চান্ডিমাল-মেন্ডিসের রেকর্ডগুলো অদৃশ্যই থেকে গেলো ক্রিকেট ইতিহাসে। বাসস।
 
ইত্তেফাক/এসএসএ