বরিশাল নগরীর আবাসিক এরিনা হোটেলের বাথরুম থেকে বিশ্ব ব্যাংকের এক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হোটেলের তৃতীয় তলার ৩০৪ নম্বর কক্ষের বাথরুম থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
মৃত ওই কর্মকর্তার নাম গোলাম মোস্তফা। তিনি বিশ্ব ব্যাংকের একটি প্রজেক্টের কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জে। তবে ঢাকার শ্যাওড়াপাড়া এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছেন বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম। ওসি বলেন, এলজিইডি’র একটি প্রজেক্টের কাজে বরিশালে আসেন বিশ্ব ব্যাংকের ওইকর্মকর্তা। তিনি নগরীর সদর রোডের হোটেল এরিনায় ওঠেন। সকালে ওই হোটেলের তৃতীয় তলার ৩০৪ নম্বর কক্ষের বাথরুমে তার মৃতদেহ দেখতে পান হোটেল বয়। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকের বরাত দিয়ে ওসি বলেন, মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের আলামত পাওয়া যায়নি। তিনি হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে চিকিত্সক জানিয়েছেন।
