বনানীর যে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে বিপুল হতাহতের ঘটনা ঘটেছে সেই এফ আর টাওয়ারে অগ্নি নির্বাপণের কোনো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং) সিদ্দিক মো. জুলফিকার আহমেদ। গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
জুলফিকার আহমেদ বলেন, ২২ তলা ভবনে ফায়ার ফাইটিংয়ের নিজস্ব কোনো ব্যবস্থা নেই। বিল্ডিংগুলোতে যতদিন পর্যন্ত আগুন নির্বাপণের নিজস্ব সক্ষমতা না থাকবে, ততদিন এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে। তিনি বলেন, কী কারণে আগুন লেগেছে তা এখনই নিশ্চিতভাবে বলা যাবে না। তবে এ ধরনের বিল্ডিংয়ে সাধারণত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন, ভবন তৈরির সময় ন্যাশনাল বিল্ডিং কোড না মেনে তৈরি করা হয়। যে কারণে এমন দুর্ঘটনা ঘটছে। এ ধরনের অবহেলা ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। আর ছাড় দেওয়া যাবে না। তিনি জানান, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
