'শওকত ওসমান অন্যায়ের বিরুদ্ধে জনমত তৈরি করতেন'

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ২১:২৯
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, 'কথাসাহিত্যিক শওকত ওসমান সত্যিকার অর্থে বিদ্রোহী ও বিপ্লবী ছিলেন। যা অন্যায়, তা তিনি অপছন্দ করতেন। তার বিরুদ্ধে সোচ্চার হতেন, জনমত তৈরি করতেন।'
 
বুধবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে কথাশিল্পী শওকত ওসমানের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি ও শওকত ওসমান জন্মশতবর্ষ উদযাপন নাগরিক কমিটি।
 
বাংলা একাডেমির সভাপতি এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি ও সংস্কৃতি সচিব বেগম আকতারী মমতাজ। স্বাগত বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
'শওকত ওসমান জীবন ও বিশ্ব পাঠশালার ছাত্র' শীর্ষক স্মারক বক্তৃতা দেন অধ্যাপক সান্তনু কায়সার।
 
স্মারক বক্তৃতার উপর আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ও কবি অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ।
 
শওকত ওসমান একজন শক্তিমান সাহিত্যিক ছিলেন বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, 'পাঠককুল তার কবিতার পাশাপাশি গদ্য সাহিত্যও বেশ পছন্দ করতেন।'
 
লেখকের 'ক্রীতদাসের হাসি' উপন্যাসের কথা উল্লেখ করে তিনি বলেন, 'এটি পড়লেই লেখকের শক্তিময়তার পরিচয় পাওয়া যায়। উপন্যাসটি প্রচণ্ডভাবে তৎকালীন আইয়ুব সরকার বিরোধী ছিল।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস