প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগে সংঘর্ষ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ২৩:৩৮

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ ৬ রাউন্ড শটগানের গুলিসহ ১০টি টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে এ সংঘর্ষ বাধে। পুলিশের সামনেই ছাত্রলীগের মিজান ও রনি গ্রুপের মধ্যে সংঘর্ষে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় জেলার প্রভাবশালী নেতারা ছাত্রলীগ কর্মীদের কাছে লাঞ্ছিত হয়ে সরে যান।  প্রায় ২ ঘণ্টা যাবত্ এ সংঘর্ষ চলে এবং শহরের সকল দোকান বন্ধ হয়ে যায়।

 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রবিবার রাত থেকে ছাত্রলীগের মিজান গ্রুপ জেলা কার্যালয় দখল করে রাখে। অফিস কক্ষ বন্ধ থাকায় মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে বাইরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে রনি গ্রুপ। গতকাল বেলা সাড়ে ১২টায় কেন্দ্র ঘোষিত ছাত্রলীগের জেলা সভাপতি রনি শহরের বলাকা সিনেমা হলের সামনে থেকে একটি র্যালি বের করে জেলা কার্যালয় দখলে নিতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় ইট-পাটকেলের আঘাতে উভয়পক্ষের কমপক্ষে ২০  নেতাকর্মী আহত হন।
 
সদর থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই গ্রুপকে নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে  জেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ইত্তেফাক/এএন