শহীদ উদ্দিন
বিশিষ্ট সাংবাদিক মো. শহীদ উদ্দিন চৌধুরী আর নেই। তিনি গতকাল ২৮ মার্চ সকাল ১১টায় নিজ বাড়ি কালিয়াশ ইউনিয়নের পূর্ব কাটগড় গ্রামে হূদরোগে আক্রান্ত্র হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর। সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরী দৈনিক সমকাল ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী পত্রিকায় চন্দনাইশ প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মো. আবদুল আউয়াল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অনেক গ্রন্থের প্রণেতা প্রফেসর (ডক্টর) মোহাম্মদ আবদুল আউয়াল (৮৭) ২৬ মার্চ রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি শিক্ষাবিদ স্ত্রী, একপুত্র ক্যালিফোর্নিয়ায় কর্মরত ড. সামি আউয়াল, এক কন্যা ঢাকা মেডিক্যালে কর্মরত প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডা. রায়হানা আউয়াল সুমিসহ অনেক গুণগ্রাহী রেখে যান। আজ শুক্রবার বাদ আছর নিজ বাসভবনে মরহুমের কুলখানি।
আলহাজ মো. মকবুল হোসেন
বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের অবসরপ্রাপ্ত ম্যানেজার (প্রেস) ও ঢাকাস্থ স্বরূপকাঠি সমিতির সাবেক সভাপতি আলহাজ মো. মকবুল হোসেন (৭৪) বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত লিভারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি ৪ মেয়ে, ২ পুত্র রেখে যান। আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় স্বরূপকাঠি উপজেলার দক্ষিণ পূর্ব সোহাগদল গ্রামে (নাওয়ারা পুল) সরদার বাড়ি জামে মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমসহ সমাজের বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেন।
