খালেদা জিয়া আজ আদালতে যাবেন

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১১:০৭
 
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলায় হাজিরা দেওয়ার জন্য আজ বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার এ তথ্য জানান।
 
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলা দুটির ঢাকার বক্শীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ভবনে বিশেষ এজলাসে বিচারকাজ চলছে। এই বিশেষ জজ আদালত-৩-এর বিচারক হলেন আবু আহমেদ জমাদার। এর আগে গত বছর ২৯ ডিসেম্বর আদালত বলে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ জানুয়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের তারিখ ধার্য করা হয়েছে। এদিন আদালতে হাজির না হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করা হবে।
 
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটে্বল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুনুর রশিদ মামলাটি করেন।