পুনর্গঠনে ২০ খেলোয়াড় কিনছে শাপেকোয়েনস

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১০:৫৪
 
হঠাত্ ঝড়ে তছনছ হয়ে গেছে ঘর। তাই বলে থেমে থাকলে চলবে কেন! স্বপ্নের পথচলা নিরন্তর। পুনরায় শক্ত করে ঘর বাঁধার কাজটা শুরু করে দিল শাপেকোয়েনস। পরের মৌসুমের জন্য ক্লাব পুনর্গঠন করতে ২০ জন খেলোয়াড় কিনবে ব্রাজিলিয়ান ক্লাবটি। কলম্বিয়ার ক্লাব অ্যাটলেটিকো নাসিওনালের সঙ্গে ইউরোপা লিগের সমপর্যায়ের সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগ খেলতে যাওয়ার পথে গত ২৮ নভেম্বর দেশটির প্রত্যন্ত পাহাড়ী এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে শাপেকোয়েনসের ১৯ সদস্যসহ ৭১ জন মারা যান। বেঁচে আছেন শুধু তিনজন খেলোয়াড়: ডিফেন্ডার অ্যালান রুশেল, গোলরক্ষক জ্যাকসন ফোলম্যান ও সেন্টার-ব্যাক হেলিও নেতো। এদের মধ্যে নেতো ও রুশেলের পুনরায় চির সবুজ জার্সি গায়ে জড়ানোর আশা আছে। ফোলম্যানের পা কেটে ফেলতে হয়েছে।
 
ক্লাবের পরিচালক রুই কস্তা বলেন, ‘আমরা অনেক ঋণের বিনিময়ে পুনর্গঠনের কাজ শুরু করছি। এটা দক্ষতা, গতি এবং বাজেটের জন একটি পন্থা মাত্র। অনেক ক্লাব এর অংশীদার হচ্ছে।’ দুর্ঘটনার পর সম্মাননা হিসেবে শাপেকোয়েনসকে সুদামেরিকানের শিরোপা দিয়ে দেয় দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবোল। ক্লাবটি পুনর্গঠন করা হলেও নিহত খেলোয়াড়দের সম্মানে নির্দিষ্ট নাম্বার অঙ্কিত জার্সিগুলো সংরক্ষণ করে রাখা হবে। রুশেল ও নেতো ফিরে আসলে তারা নিজেদের জার্সি দু’টি গায়ে চাপাবেন।
 
কস্তা বলেন, ‘এই মৌসুমে কেউ জ্যাকসন ফোলম্যান, নেতো ও অ্যালান রুশেলের জার্সিগুলো পরবেন না। আমরা আশা করছি নেতো এবং রুশেল ফিরে এসে নিজেদের জার্সি গায়ে চাপাবেন। ফোলম্যান তার দুই সতীর্থের মতো পারবেন না সত্য; কিন্তু তিনি নিশ্চিতভাবে সমহিমায় আমাদের সঙ্গে থাকবেন।’
 
আগামীকাল শুক্রবার প্রাক-মৌসুম অনুশীলন শুরু করবে শাপোকোয়েন্স। ২৬ জানুয়ারি, ২০১৭ ঘরোয়া লিগে শুরু হবে তাদের পুনর্যাত্রা। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ