অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানের অপরাজিত সেঞ্চুরি সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে ফলো-অনের শংকায় পড়েছে সফরকারী পাকিস্তান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৩৮ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৭১ রান করেছে পাকিস্তান।
ফলো-অন এড়াতে বাকি ২ উইকেটে আরও ৬৭ রান করতে হবে তাদের। ১৩৬ রান নিয়ে এখনো ক্রিজে আছেন ইউনিস খান। টেস্টের দ্বিতীয় দিন নিজেদের ইনিংসে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ১২৬ রান তুলে দিন শেষ করেছিলো পাকিস্তান। ৬ রানে ২ উইকেট হারানোর পর দুর্দান্ত এক জুটি গড়েন ওপেনার আজহার আলী ও ইউনিস। দিন শেষে দু’জনে অবিচ্ছিন্ন থেকে যান। ইউনিস ৬৪ ও আজহার ৫৮ রানে অপরাজিত ছিলেন।
তবে তৃতীয় দিন জুটিতে খুব বেশি রান যোগ করতে পারেননি আজহার-ইউনিস। আরও ২৬ রান যোগ করে দলীয় ১৫২ রানে বিচ্ছিন্ন হয়ে যান তারা। রান আউট হবার আগে ৭১ রান করেন আজহার। আজহার ফিরে গেলেও, ১১৫তম টেস্টে ৩৪তম সেঞ্চুরি তুলে নেন ইউনিস।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ হলেও, প্রতিপক্ষের মাটিতে এটি প্রথম সেঞ্চুরি ইউনিসের। ব্যাট হাতে এক প্রান্ত আগলে রাখলেও, ইউনিসকে অন্য প্রান্ত দিয়ে সঙ্গ দিতে পারেননি কেউই। অধিনায়ক মিসবাহ-উল হক ও উইকেটরক্ষক সরফরাজ আহমেদ ১৮ রান করে কিছুটা সঙ্গ দিয়েছিলেন। তবে ওই দু’টি স্কোর দলকে ভালো অবস্থায় নিয়ে যাবার মতো ছিলো না। তাই দিন শেষে ৮ উইকেটে ২৭১ রান তুলে ফলো-অনের শংকায় পাকিস্তান।
১৪টি চার ও ১টি ছক্কায় ২৭৯ বলে ১৩৬ রান নিয়ে ইউনিস ও ৫ রান নিয়ে দিন শেষ করেছেন ইয়াসির শাহ। অস্ট্রেলিয়ার পক্ষে স্পিনার নাথান লিঁও ৩টি ও জশ হ্যাজেলউড ২টি উইকেট নেন। বৃষ্টির কারনে বৃহস্পতিবার খেলা হয়েছে ৫৪ ওভার। বাসস।
ইত্তেফাক/এএম।
