বগুড়ার শেরপুর উপজেলায় কলাবোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ চালক শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।
আটককৃত শহিদুল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সরকারপাড়া গ্রামের আকতার হোসেনের ছেলে। বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ পুলিশ তাকে আটক করে। পরে দুপুরেই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, কলাবোঝাই ট্রাকটি কুড়িগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি উক্ত স্থানে থামানো হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে কলার ভেতর কৌশলে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এএম।
