আওয়ামী লীগ নেতা হত্যাচেষ্টা ও পথচারী হত্যায় কারেন্ট বাবু রিমান্ডে

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৭:৫৬
আওয়ামী লীগ নেতা জেড এ মাহমুদ ডন হত্যা প্রচেষ্টা ও পথচারী নারী শিপ্রা কুণ্ডু হত্যা মামলায় গ্রেফতারকৃত মেহেদী হাসান বাবু ওরফে কারেন্ট বাবুকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 
 
বৃহস্পতিবার খুলনা মহানগর হাকিম মো. আমিরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন কুমার মৈত্র আদালতে আসামি কারেন্ট বাবুকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। 
 
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর নগরীর দোলখোলা মোড়ে খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  জেড এ মাহমুদ ডনকে হত্যার উদ্দেশে দুর্বৃত্তরা গুলি করে। দুর্বৃত্তদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী শিপ্রা রানী কুণ্ডুর (৫০) বুকে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় ওই দিন রাতেই জেড এ মাহমুদ ডনের বহনকারী মোটরসাইকেল চালক মো. ইব্রাহিম হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৬ জনকে অভিযুক্ত করে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/ইউবি