৩৮ জঙ্গিকে নিষ্ক্রিয় করার দাবি করেছে আঙ্কারা

সিরিয়ায় আইএসের ২৮ লক্ষ্যস্থলে যুদ্ধবিমান হামলা তুরস্কের

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৮:৪৯
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যস্থলগুলোতে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে ৩৮ জঙ্গিকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি করেছে তুরস্ক। বৃহস্পতিবার এক বিবৃতিতে তুরস্কের সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর সিরিয়ায় তৎপর বিদ্রোহীদের সমর্থনে একদিনে এসব হামলা চালানো হয়েছে।
 
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আইএসের ২৮টি লক্ষ্যস্থলে তুরস্কের যুদ্ধ-বিমানগুলোর হামলায় জঙ্গিদের আশ্রয়স্থল, কমান্ড সেন্টার, অস্ত্রশস্ত্র ও বেশ কিছু গাড়িও ধ্বংস হয়েছে। চার মাসেরও বেশি সময় আগে সিরিয়ায় সরাসরি অভিযানে নামে তুরস্কের সামরিক বাহিনী। নিজেদের সীমান্তবর্তী সিরীয় এলাকা থেকে আইএস জঙ্গি ও কুর্দি যোদ্ধাদের হটিয়ে দিতে ‘ইউফ্রেতিস শিল্ড’ নামের অভিযান শুরু করে বাহিনীটি।
 
এরপর থেকে সিরিয়ার তুরস্কপন্থি বিদ্রোহীদের নিয়ে দেশটির সেনারা আইএস অধিকৃত তুরস্ক সীমান্তবর্তী সিরীয় টাউন আল বাব অবরোধ করে রেখেছে। তুরস্কের এই অভিযানে প্রতিক্রিয়ায় তুরস্কে বেশ কয়েকটি প্রাণঘাতী সন্ত্রাসী হামলা চালিয়েছে আইএস। এসব হামলার মধ্যে অন্যতম গত রবিবার চালানো হামলাটি। 
 
নতুন বছরের প্রথম প্রহরে ইস্তাম্বুলের রেইনা নাইটক্লাবে চালানো ওই হামলায় ৩৯ জন নিহত হন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে বলেছে, সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের প্রতিশোধ নিতেই রেইনা ক্লাবে হামলাটি চালিয়েছে তাদের এক ‘বীর যোদ্ধা’। তিন দিন ধরে ব্যাপক অভিযান সত্ত্বেও এখনও রেইনা ক্লাবে হামলাকারী ওই আইএস ‘যোদ্ধাকে’ ধরতে পারেনি তুরস্কের নিরাপত্তা বাহিনী। 
 
ইত্তেফাক/এসএসএ