সংসদ প্লাজায় মোস্তফা ফারুক মোহাম্মদের জানাজা অনুষ্ঠিত

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৯:১৭
নবম জাতীয় সংসদে ৮৬ যশোর-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও রাষ্ট্রদূত মোস্তফা ফারুক মোহাম্মদের নামাজে জানাজা বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
 
তিনি গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
হুইপ, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য গুণগ্রাহী তার জানাজায় শরীক হন।
 
এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। জানাজা পরিচালনা করেন সংসদ সচিবালয় মসজিদের মোয়াজ্জিন মাও. মো. আবু রায়হান। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। -বাসস।
 
ইত্তেফাক/এসএস