চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমন্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা (পতাকা বৈঠক) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শিবগঞ্জের রঘুনাথপুর বিওপির সীমান্ত পিলার ১০/৪-এস এর নিকট হতে ২০ গজ বাংলাদেশের অভ্যান্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম আবুল এহসান এবং বিএসএফ এর ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ ৩৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সতীশ কুমার।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম আবুল এহসান জানান, পতাকা বৈঠকে সীমান্তে গুলি বর্ষণ না করা, হত্যা-নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র-গোলাবারুদ বিস্ফোরক পাচার প্রতিরোধ, নারী, শিশু ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত টহল এছাড়াও অবৈধভাবে গবাদিপশুর প্রবেশ রোধ করা ইত্যাদি সম্পর্কে সৌহার্দপূর্ণ পরিবেশে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়। সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ সহবস্থান বজায় রাখার ব্যাপারেও উভয় পক্ষ সম্মত হয়। দুই পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভুত যে কোন সমস্যা যে কোন সময় ব্যাটালিয় বা কোম্পানী কিংবা বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ অথবা পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন। অত্যন্ত সৌহান্দপূর্ণ পরিবেশে বাংলাদেশ তুপুর ২টায় সমন্বয় সভা শেষ হয়।
ইত্তেফাক/এএম।
