সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া নদী থেকে আগামী ছয় মাস সব ধরনের পাথর-বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পাথর-বালুর উত্তোলন বন্ধের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিলেট জেলা প্রশাসকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে রিটকারী পক্ষে আইনজীবী কামরুজ্জামান সেলিম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান শুনানি করেন।
লোভাছড়া নদী থেকে বালু ও পাথর উত্তোলন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন কানাইঘাট উপজেলার বোটাকিকর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম।
ইত্তেফাক/এএম।
