জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, স্বাধীন দেশের সঙ্গে পরাধীন দেশের রাজনীতির মৌলিক পার্থক্য অনুধাবন করে আমাদের কর্তব্য-কর্ম নির্ধারণ করতে হবে। স্বাধীনতার আগে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি, এখন সে দিনের মতো ভাবলে চলবে না, বর্তমান সময় কাজের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুত্ পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে ঘোষণা বাস্তবায়নে আমরা সচেষ্ট রয়েছি।
তিনি গতকাল বৃহস্পতিবার পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার তিনটি গ্রাম বিদ্যুতায়ন উদ্বোধনকালে বিভিন্ন অনুষ্ঠানে আরো বলেন, এক সময় মানুষ রাস্তা-ঘাট-পুল-কালভার্ট দাবি করতেন। এ ক্ষেত্রে দক্ষিণাঞ্চলে সন্তোষজনক অগ্রগতি ঘটায় এখনকার দাবি ছিল গ্রামে গ্রামে বিদ্যুতের। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এ বছরই মানুষের বিদ্যুত্ চাহিদা আল্লাহর ইচ্ছায় পূরণ হতে যাচ্ছে। আগামী জুনের মধ্যে ভাণ্ডারিয়ার প্রতি ঘরে ইনশাআল্লাহ বিদ্যুত্ পৌঁছাবে, দুর্গম এলাকার বাসিন্দারা সৌরবিদ্যুত্ পাবেন। আমাদের এলাকায় মানুষের মাঝে ঐক্য, ধৈর্য এবং স্থানীয় নেতাদের সহযোগিতা থাকায় দেশের অন্য এলাকার চেয়ে আগেই বিদ্যুত্ সংযোগ পেতে যাচ্ছেন এখানকার বাসিন্দাদের সবাই।
তিনি বলেন, আমি বরাবর বলেছি- যিনি যে দলের রাজনীতি করুন না কেন, তাতে আমার ভিন্নমত নাই তবে ঝগড়া-বিবাদ, কাইজ্যা-ফ্যাসাদ করবেন না। তাহলে উন্নয়ন চাহিদা পূরণ হয় না। মন্ত্রী বলেন, গ্রামের বাড়িগুলো বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত থাকায় বিদ্যুত্ লাইন ও খুঁটি নির্মাণ রাজধানী ঢাকার চেয়ে অনেক ব্যয়বহুল। তাই পল্লী এলাকায় বিদ্যুত্ দেওয়া দুরূহ হয়ে দাঁড়ায়। পরিকল্পিতভাবে আমরা ভাণ্ডারিয়া পৌরসভায় ঘরবাড়ি নির্মাণের চিন্তা-ভাবনা করছি। বাড়িঘরগুলো এক জায়গায় থাকলে বিদ্যুত্সহ সকল সেবা প্রদান সহজ হয়।
তিনি বলেন, গ্রামের মানুষ বিদ্যুত্ সংযোগ নিতে গিয়ে অনেক সময় তাড়াহুড়ো করেন বলে যত্রতত্র পয়সাকড়ি খরচ করে ফেলেন যা এক ধরনের বদ অভ্যাস। এ অভ্যাস ত্যাগ করতে হবে এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমরা মনে করি না যে, সব সমস্যার সমাধান অতি দ্রুত করা যায়। আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করেন। আল্লাহর কাছে যখনই চাইবেন তখনই তিনি কিছু দিবেন। প্রতিটি প্রাণীর দেহের মধ্যে তিনি লক্ষ্য, ক্ষমতা ও কাজ করার শক্তি দিয়েছেন যা ব্যবহার করে জীবন ধারণ করতে হয়।
আনোয়ার হোসেন বলেন, ভোটের ব্যবস্থা দেশে বিদ্যমান থাকায় প্রান্তিক মানুষ বারবার নেতাদের কাছে পান এবং তাদের অভাব, অভিযোগ, চাহিদা জানাতে পারেন। তিনি বলেন, সদ্যসমাপ্ত জেলা পরিষদ নির্বাচন আমাদের দেশে ভোটের অধিকারের সর্বশেষ চর্চা। পিরোজপুর জেলায় নির্বাচন সারা দেশে একটি অনুকরণীয় উদাহরণ হিসাবে স্বীকৃতি পেয়েছে। এখানে স্থানীয় সরকার প্রতিনিধিরা নির্বিঘ্নে-অবাধে ভোট দিয়ে তাদের পছন্দসই চেয়ারম্যান ও সদস্য নির্বাচন করতে সমর্থ হয়েছেন। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হাওয়ার কৃতিত্ব পিরোজপুরের প্রশাসন, পুলিশ তথা জেলাবাসীর। এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। পুলিশ ও প্রশাসনের প্রতি ভাণ্ডারিয়াবাসীর আস্থা ও ভরসা রয়েছে বলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। আর এই ইতিবাচক অবস্থাকে অক্ষুণ্ন রাখতে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল বৃহস্পতিবার ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়নের নদমুলা গ্রাম, গৌরীপুর ইউনিয়নের চড়াইল ও রাধানগর গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী পিরোজপুর পল্লী বিদ্যুত্ সমিতির উদ্যোগে পৃথক তিনটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, পিরোজপুর পল্লী সমিতির এজিএম ব্রজগোপাল দেবনাথ, নদমুলা মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শাহজাহান তালুকদার, গৌরীপুরের ইউপি সদস্য শহীদুল ইসলাম প্রমুখ।
এ সব অনুষ্ঠানে ভাণ্ডারিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল কুদ্দুস, জেপি ভাণ্ডারিয়া উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি নেতা ইউসুফ আলী আকন, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
নদমুলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণের অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, গৌরীপুর ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চড়াইল-মাধবপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান দু’টিতে ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন।
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল বৃহস্পতিবার বিকালে তাঁর ভাণ্ডারিয়াস্থ বাসভবন ‘তাসমিমা ভিলা’ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ ও পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন মন্ত্রীকে আনুষ্ঠানিক বিদায় জানান।
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই ইউনিয়নের সুবিধাবঞ্চিত অস্বচ্ছল পরিবারের মধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ এবং জিআর চাল বিতরণ করেন। এছাড়া মন্ত্রীর উপস্থিতিতে বেসরকারি সংগঠন দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ ও সংস্থার কর্মকর্তা কাজী আতাহার আলী কম্বল বিতরণ তদারকি করেন।
ইত্তেফাক/এএন
