পাবনার চাটমোহরে বৃহস্পতিবার এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূ হলেন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ কুমুল্লি গ্রামের গোলজার হোসেনের স্ত্রী ও হান্ডিয়াল সিদ্দিনগর গ্রামের নফের আলীর মেয়ে শাপলা খাতুন (২৫)।
এ ঘটনায় পুলিশ নিহত গৃহবধূর স্বামী নিফাজ উদ্দিনের ছেলে গোলজার হোসেন ও শাশুড়ি গোলেজান বেওয়াকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার পাবনা মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গোলজার হোসেন পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তার স্ত্রী শাপলাকে মারপিট করেন। এক পর্যায়ে তার মৃত্যু হলে রশি দিয়ে ঘরে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন। স্থানীরা লাশ নামিয়ে পল্লী চিকিৎসককে দিয়ে দেখালে গৃহবধূকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে এবং স্বামীকে আটক করে। বিষয়টিকে আত্মহত্যা বলে চালানোর জন্য স্থানীয় চেয়ারম্যানসহ অন্যরা চেষ্টা করছে বলে জানা গেছে। কিন্তু নিহত গৃহবধূর বাবা এটাকে হত্যা বলে মামলা দায়ের করার জন্য থানায় অভিযোগ দাখিল করেন। পরে পুলিশ রাতে মামলা গ্রহণ করে।
এ ব্যাপারে থানার ওসি (প্রশাসন) একরামুল হক সরকার জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলেই জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।
তিনি বলেন, 'লাশ রশি থেকে নামানোর পরও জীবিত ছিলো বলে জানতে পেরেছি।'
ইত্তেফাক/কেকে
