চীন বাংলাদেশের কারিগরি খাতের ৫৮১ জন শিক্ষক-কর্মকর্তাকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেবে। শুক্রবার থেকে চীনের গুয়াংজো ইন্ডাস্ট্রি ও ট্রেড টেকনিশিয়ান কলেজে প্রথম ব্যাচের ১০ দিনব্যাপী বিষয়ভিত্তিক এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় গুয়াংজো মিউনিসিপ্যালিটির ভাইস মেয়র ডল মিংসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ও অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইমরান, এনএসডিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. খোরশেদ আলম, স্টেপ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জয়দেব চন্দ্র সাহা ও প্রকৌশলী মো. নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিক্ষা বাংলাদেশের অগ্রাধিকার খাত, কারিগরি শিক্ষা হলো অগ্রাধিকারের অগ্রাধিকার। সরকার ইতোমধ্যে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ১৪ শতাংশ এর উপরে উন্নীত করেছে। এই হার আগামী ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ নিয়ে যাওয়ার লক্ষ্যে জোর উদ্যোগ নেয়া হয়েছে। এখাতের অগ্রগতি তরান্বিত করার লক্ষ্যে সরকার শিক্ষা মন্ত্রণালয়কে ভাগ করে কারিগরি ও মাদরাসা বিভাগ করেছে।
মন্ত্রী আরো বলেন, সিঙ্গাপুর সরকার ইতোমধ্যে বাংলাদেশের কারিগরি খাতের ৪২০ জন শিক্ষক-কর্মকর্তার প্রশিক্ষণ প্রদান করেছে এবং ২০১৯ সালের মধ্যে আরো ১১৫০ জনের প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত করবে। ভারতের সঙ্গেও এ ধরণের প্রশিক্ষণের বিষয় নিয়ে তৎপরতা চলছে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
কারিগরি শিক্ষাঙ্গনের ৫৮১ জন শিক্ষক ও কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে গত নভেম্বর মাসে স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট ও চীনের গুয়াংজো ইন্ড্রাস্ট্রি ও ট্রেড টেকনিশিয়ান কলেজ-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় ২০ জন করে বিভিন্ন ব্যাচে শিক্ষক ও কর্মকর্তাদের ১০ দিন ও ২১ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।
ইত্তেফাক/এমআই
