স্বপ্নের মেট্রোরেল নিয়ে প্রদর্শনী

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১০:০৮
 
পদ্মা সেতুর পরে মেট্রোরেল বাংলাদেশের মানুষের কাছে নতুন স্বপ্নের নাম। ঢাকা শহরের সেই মেট্রো রেল নিয়ে মানুষের মনে হাজারো জল্পনা-কল্পনা। সরকারি তত্পরতায় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান জাইকার সহায়তায় শিগগিরই নগরজুড়ে শুরু হতে যাচ্ছে মেট্রোরেল নির্মাণের কাজ। আশা করা হচ্ছে, ২০২৩ সালের মধ্যেই এর প্রথম নির্মাণপর্ব সম্পন্ন হতে দেখা যাবে এবং ২০৩৫ সালের মধ্যেই নগরবাসী উপভোগ করবে মেট্রো রেল সুবিধা।কিন্তু কেমন হবে মেট্রো রেল? প্রতিদিনের কর্মব্যস্ত যাত্রাপথে সত্যিই কি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে নগরবাসী? শহরের বুক চিরে এগিয়ে যাবে যে মেট্রো লাইন, শহরবাসীর প্রতিদিনের অপরিহার্য অংশ হয়ে উঠবে যে স্টেশনগুলো, কেমন হচ্ছে সেগুলোর নকশা? এ সকল প্রশ্নের উত্তর সন্ধানের একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা। সরকারের চলতি প্রজেক্টেরই একাংশ অর্থাত্ ৪টি স্থানের (ফার্মগেট, মতিঝিল, মিরপুর, শাহবাগ) স্টেশন নিয়ে কাজ করে শিক্ষার্থীরা। সেসব স্টাডি নিয়ে গতকাল থেকে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী ‘লাইফ লাইন ফর ঢাকা’। যার আয়োজন করেছে বুয়েটের স্থাপত্য বিভাগ। প্রদর্শনীর উদ্বোধন করেন ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক মো. কায়কোবাদ। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ব্রুনো প্লাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
আয়োজকরা জানান, মেট্রোরেলের মত একটি প্রকল্প যেমন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে হাজারো নগরবাসীর জন্য, তেমনি সেটা শহরের সার্বিক অবস্থা এবং নগরবাসীর চাহিদাগুলো মাথায় রেখে না করা হলে পুরো উদ্যোগটিই ব্যর্থ হয়ে যেতে পারে। এ প্রদর্শনীর মধ্য দিয়ে এ বিষয়টি সবার সামনে উপস্থাপন করা হয়েছে।
 
প্রদর্শনীটি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু সচিব এম এ এন সিদ্দিক। প্রদর্শনী সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ।
 
গ্যালারি টোয়েন্টিওয়ানে জাহান আফরোজের ‘কালারস ইন কুইল্ট’ :মার্কিন মুল্লুকে কুইল্ট খুবই জনপ্রিয়। লেপ আর কাঁথার মাঝামাঝি অবস্থানের এ শীতবস্ত্র গৃহসজ্জা, বিছানার চাদরের কভার হিসেবে বেশ সমাদৃত যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়েই নতুন এ শিল্পধারার সঙ্গে পরিচিত হন শিল্পী জাহান আফরোজ। গ্যালারি টোয়েন্টিওয়ান ও আর্টকন যৌথভাবে আয়োজন করেছে ‘কালারস ইন কুইল্ট’ শীর্ষক বারো দিনব্যাপী প্রদর্শনী। সেখানে কুইল্টগুলোকে চিত্রকর্ম হিসেবেই উপস্থাপন করা হচ্ছে।
 
গতকাল যৌথভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন লেখক ও অনুবাদক ড. ফকরুল আলম, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, শিল্পী শহীদ কবির এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। উদ্বোধনী আনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্যালারি টোয়েন্টি ওয়ানের কর্ণধার সিমিন হোসেন রিমি। প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রে করা ১৮টি আর্ট কুইল্ট প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
 
বেঙ্গল ফাউন্ডেশনের ‘এফিমেরাল : পেরেনিয়াল’ : গতকাল শুরু হয়েছে বেঙ্গল ফাউন্ডেশনের ভিস্যুয়াল আর্ট বিভাগ আয়োজিত ‘এফিমেরাল : পেরেনিয়াল’ শীর্ষক প্রদর্শনী। রাজধানীর ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম ও শিল্প সমালোচক আবুল মনসুর। ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত পারফরম্যান্স আর্ট সপ্তাহের ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীটি। প্রদর্শনীটি যৌথভাবে কিউরেট করেছেন শিল্পী মাহবুবুর রহমান ও তানজীম ওয়াহাব। 
 
পারফরম্যান্স আর্ট সপ্তাহে অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন— পলাশ ভট্টাচার্য, জয়দেব রওজা, জুয়েল এ রব, হাসনা হেনা পরশ, সরকার নাসরীন টুনটুন, নাজিয়া আন্দালীব প্রিমা, অর্পিতা সিংহ লোপা, ইফাত রেজওয়ানা রিয়া, সনদ কুমার বিশ্বাস, সুমনা আক্তার, ঋতু সাত্তার, নীলুফার চমন, ওয়ালী জাফ, মেহেরুন আক্তার, অতীশ সাহা, ইমরান সোহেল, আফসানা শারমীন, ফারাহ নাজ মুন, সঞ্জয় চক্রবর্তী ও অসীম হালদার সাগর। শিল্পীদের পারফরম্যান্সের স্থিরচিত্র, ভিডিও এবং ব্যবহূত বস্তু প্রদর্শনীর মূল বিষয়বস্তু। প্রদর্শনী চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত একই সঙ্গে দুইটি ভেন্যুতে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ ও ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে।