রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মোট চারটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন মন্ত্রণালয় হলো— স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার রাতে এসব কমিটি গঠন করা হয়। স্বরাষ্ট্র ও গণপূর্ত মন্ত্রণালয়ের কমিটিকে আগামী ৭ কার্যদিবস এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিদুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দুর্ঘটনার সার্বিক বিষয়ে সরেজমিন তদন্ত করে মতামত ও সুপারিশসংবলিত প্রতিবেদন দাখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদতরের মহাপরিচালকের একজন প্রতিনিধি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধি (যুগ্মসচিব পর্যায়ের), ঢাকা জেলা প্রশাসকের একজন প্রতিনিধি (অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের), গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার ও সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি নয় সদস্যের। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফয়জুর রহমানকে আহ্বায়ক করে এই কমিটি করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এ তথ্য জানিয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি, ফায়ার সার্ভিস, পুলিশ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বুয়েট এবং সশস্ত্র বাহিনী বিভাগের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের একজন পরিচালক কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
অপরদিকে অগ্নিদুর্ঘটনার শিকার এফআর টাওয়ারের নকশা অনুমোদন এবং নির্মাণসংক্রান্ত কোনো কাজে ত্রুটি-বিচ্যুতি আছে কিনা তা তদন্ত করতে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতরাতে জানানো হয়, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইয়াকুব আলী পাটওয়ারীকে আহ্বায়ক এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফাহিমুল ইসলামকে সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসীর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (পরিকল্পনা) আবু সাঈদ চৌধুরী, গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মইনুল ইসলাম এবং রাজউকের নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম।
আজ শুক্রবার বেলা ১১টায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বনানীর অগ্নিদুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে যাবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অপরদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক দিলিপ কুমার ঘোষ জানিয়েছেন, বনানীর এফআর টাওয়ারে কিভাবে আগুনের সূত্রপাত এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনের নির্দেশে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
